ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

হাসিনা আগেই ইউনূসকে চিনেছেন আমরা চিনতে পারিনি : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আগেই অধ্যাপক ইউনূসকে চিনেছেন, আমরা অধ্যাপক ইউনূসকে চিনতে পারিনি। আমরা অনেক পরে চিনলাম।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি নিজ গ্রামে বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা কোনোভাবেই মানায় না। সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা ঠিক হয়নি। এটা প্রতিহতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা তো একতরফা কাজ।

দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেওয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা বলে মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও দেশে ধারা তৈরি হয়নি। বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি। কারণ কারোই রাষ্ট্র দর্শন নেই। দেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে।

এ সময় আব্দুল লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকাবাসী। তাদের অনেককে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ