ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

যে কারণে নাসীরুদ্দীন পাটোয়ারীকে শোকজ করলেন ইসি

ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটোয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের আগে বিলবোর্ড স্থাপন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে আগাম প্রচারণা করায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ নোটিশ দেওয়া হয়।

‎রোববার (১৮ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-৮ আসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘বিশাল আকৃতির রঙিন ছবি’, ‘সংসদ সদস্য প্রার্থী’ এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান সংবলিত বড় বড় বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে। ‎ ‎‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ বিধি অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো প্রার্থী প্রচার শুরু করতে পারবেন না। এই নিয়ম অমান্য করায় তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ‎এদিকে ‎শোকজ নোটিশে প্রার্থীকে দুটি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তা হলো আগামী ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নির্বাচনি এলাকার সব বিলবোর্ড অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ‎আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৯ জানুয়ারি বেলা ১১টার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে কমিশন একটি কড়া বার্তা দিয়েছে। এতে উল্লেখ করা হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি পালনে কমিশন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। নির্ধারিত সময়ের আগে যে কোনো ধরনের তোরণ, বিলবোর্ড বা দেয়াল লিখন আইনত দণ্ডনীয় অপরাধ।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন