
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিস্ফোরক আইনের একটি মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তারা ,অভিযানকালে শিশির কর্মকারকে সেখান থেকেই গ্রেপ্তার করে, পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশির কর্মকার নেছারাবাদ উপজেলার জগৎপট্টি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং একই সঙ্গে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তিনি স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমানে স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
মামলার বিষয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর নেছারাবাদ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীরও নাম অন্তর্ভুক্ত রয়েছে । শিশির কর্মকার ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ দাবি করেছে।
সম্প্রতি এলাকায় ফিরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে আসার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে তথ্য নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শিশির কর্মকার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। রাজনৈতিক প্রতিপক্ষের চাপ ও বিরোধের কারণেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করা হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বিস্ফোরক আইনের একটি মামলার ভিত্তিতেই শিশির কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
দেশপক্ষ/ এমএইচ