
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দুর্নীতির বিচার এই বাংলার মাটিতেই হবে। বাংলাদেশের মানুষ দুদকের মাধ্যমে অবশ্যই তদন্ত করবে। বাংলাদেশে আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দুর্নীতির বিষয়টি ওপেন সিক্রেট।
সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নির্বাচন কমিশনের সামনে দলীয় নেতাকর্মীদের সামনে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিনটি ইস্যুতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।
নাছির উদ্দিন বলেন, জুলাই আগস্টে আপনি ভূমিকা রেখেছেন, আপনি নেতৃত্ব দিয়েছেন। জুলাই আগস্ট পরবর্তী সময়ে আপনি উপদেষ্টা হয়ে আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। এটা বাংলাদেশের মানুষ জানে।
নির্বাচন কমিশনকে প্রশ্ন করে ছাত্রদলের এই নেতা বলেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশে আমরা কখনোই জামায়াত-শিবির-রাজাকারকে ক্ষমতায় আনার জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে যে চেষ্টা তা আমরা মেনে নেব না। জামায়াতের নামে কেন এই পোস্টাল ব্যালট পেপার, তার কোনো সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন।
তিনি বলেন, সুতরাং আগামীর যে নির্বাচন, ১২ ফেব্রুয়ারির যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, দুইটি রাজনৈতিক দল ইতিমধ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই আগস্টে নেতৃত্বদানকারী ছাত্রসংস্থা, জুলাই আগস্টে সম্মুখসারির যোদ্ধা, যিনি ছাত্র প্রতিনিধি হয়ে উপদেষ্টা হয়ে তিনি হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন।
দেশপক্ষ/ এমএইচ