
নির্ধারিত সময়ে আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেয়া হয়।
সতর্কবার্তা পাওয়া দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস।
ইসি সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়, ২১ জানুয়ারির আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও ওই চার দল আইন অমান্য করে প্রচারণা অব্যাহত রেখেছে। যা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ এবং বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
দেশপক্ষ/ এমএইচ