
দীর্ঘ প্রায় ১৫ মাসের নীরবতা ভেঙে আবারও বিশ্ব রাজনীতির মঞ্চে সরব হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী ২৩ তারিখ ভারতের রাজধানী দিল্লিতে বিশ্ব গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে যাচ্ছেন—যাকে কেন্দ্র করে দেশি-বিদেশি রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উপস্থিতিকে কেবল একটি সংবাদ সম্মেলন হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তের বিরুদ্ধে শেখ হাসিনার একটি সুপরিকল্পিত কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
দিল্লির নির্ভরযোগ্য সূত্র জানায়, ২৩ তারিখ দিল্লি প্রেস ক্লাব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বিশ্ব মিডিয়ার উদ্দেশে বক্তব্য দেবেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রশ্নের সরাসরি উত্তরও দেবেন। দীর্ঘ সময় ধরে বিবৃতি ও লিখিত বার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও, এবার তিনি সরাসরি বিশ্বমঞ্চে নিজের অবস্থান তুলে ধরতে যাচ্ছেন।
বিশ্লেষকদের ধারণা, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নির্বাচন প্রক্রিয়া এবং রাজনৈতিক অন্তর্ভুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলের সামনে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করবেন। বিশেষ করে দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে একতরফা নির্বাচনের যে আলোচনা চলছে, সেটিকে তিনি গণতান্ত্রিকভাবে অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে পারেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ একাধিক আন্তর্জাতিক পক্ষ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানালেও, অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক চাপ আরও জোরালো করতে পারে।
এদিকে দিল্লির কূটনৈতিক মহলে সাম্প্রতিক কিছু তৎপরতা এবং পশ্চিমা প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ভারতের পক্ষ থেকে কিছু কূটনৈতিক নিরাপত্তামূলক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে, যা আঞ্চলিক পরিস্থিতির গুরুত্ব নির্দেশ করে।
সব মিলিয়ে, আগামী ২৩ তারিখের এই সংবাদ সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শেখ হাসিনার এই প্রকাশ্য ও শক্ত অবস্থান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়ায় কী প্রভাব ফেলে—সেদিকেই এখন তাকিয়ে আছে দেশ-বিদেশের রাজনৈতিক মহল।
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে, এবং এই কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হবে—তা নির্ধারণে ২৩ তারিখের পরবর্তী ঘটনাপ্রবাহ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে।
দেশপক্ষ/ এমএইচ