
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার পেল একেবারে ভিন্ন মাত্রার ট্রফি। দুবাইয়ে বিশেষ নকশায় তৈরি করা ২৫ লাখ টাকা মূল্যের হীরাখচিত এই ট্রফি শুধু দৃষ্টিনন্দনই নয়, এর মাঠে আগমনও হয়েছে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। তার আগে ফাইনালের উত্তাপ আরও বাড়াতে হেলিকপ্টারে করে আকাশপথে স্টেডিয়ামে আনা হয় বহুল আলোচিত ট্রফিটি।
ফাইনাল ম্যাচ শুরুর আগে বিকেল সাড়ে ৪টায় ট্রফিটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী এবং জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপর ট্রফিটি একটি বিশেষ কেসের ওপর স্থাপন করা হয়।
এরপর দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক—চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী হাসান ও রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত—ট্রফির পাশে দাঁড়িয়ে ফটোসেশনে অংশ নেন। রঙিন ফিতা উড়িয়ে জমকালোভাবে ট্রফিকে বরণ করে নেওয়া হয়, যা ম্যাচ শেষে উঠবে চ্যাম্পিয়ন দলের হাতে। ট্রফি উন্মোচন ও ফটোসেশনের পর জনপ্রিয় শিল্পী তানজিন তিশার পরিবেশনায় মঞ্চ মাতান দর্শকরা।
উল্লেখ্য, টুর্নামেন্ট শুরুর আগ থেকেই ২৫ লাখ টাকা ব্যয়ে তৈরি এই ট্রফি নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। ফাইনালের আগে পর্যন্ত ট্রফিটি জনসম্মুখে না আনা নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়াও। অবশেষে ফাইনালের দিনই দর্শকদের সামনে আসে বহুল প্রতীক্ষিত সেই ট্রফি।
ফাইনালে ওঠার পথে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারানোর পর কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স।
এখন সব নজর ফাইনালের লড়াইয়ে—কার হাতে উঠবে আকাশপথে আসা হীরাখচিত সেই ট্রফি, সেটিই দেখার অপেক্ষা।
দেশপক্ষ/ এমএইচ