১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন এক তরফা ও প্রহসনের আখ্যা দিয়ে দেশবাসীকে বর্জনের আহবান জানিয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সাবেক সাংসদ মাইনুল হোসেন খান নিখিল।

গতকাল শনিবার এক বিবৃতিতে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজন করা কোনো নির্বাচনই গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি জানান, এমন নির্বাচন হলে যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভোট বর্জন কর্মসূচি পালন করবে।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আওয়ামী যুবলীগ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের কর্মসূচি বাস্তবায়ন করবে। অবৈধ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রতিহত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
যুবলীগ নেতাদের দাবি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগবিহীন নির্বাচন জনগণের মতামত ও ভোটাধিকারকে উপেক্ষা করার শামিল। তারা বলেন, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের অনুভূতিরই প্রতিফলন এবং গণতন্ত্র রক্ষার স্বার্থেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুবলীগের এই ভোট বর্জনের ঘোষণা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাদের ধারণা, এ ধরনের অবস্থান দেশের নির্বাচন প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।