
বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সেই ম্যাচ খেলার জন্য এবার পাকিস্তানকে অনুরোধ করেছে বিসিবি।
বিশ্বকাপ সংক্রান্ত ইস্যুতে পিসিবি এবং আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সফর শেষে আজই দেশে ফিরেছেন সভাপতি। আর ফিরেই পিসিবি এবং আইসিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
বিসিবির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক প্রতিকূলতা মোকাবেলায় পিসিবি এবং আইসিসির ইতিবাচক ভূমিকার প্রশংসা জানায় বিসিবি। বিশেষ করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী এবং পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রতি বিসিবির পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। এই সময়টাতে পিসিবি অনুকরণীয় ক্রীড়া মানসিকতা এবং সংহতি প্রদর্শন করেছে।
পাকিস্তানের এই ভ্রাতৃত্ববোধের প্রশংসা করে বিসিবি সভাপতি বুলবুল বলেন, ‘বাংলাদেশকে সমর্থনের জন্য পাকিস্তানের এই সর্বোচ্চ প্রয়াসে আমরা গভীরভাবে আপ্লুত। আমাদের ভ্রাতৃত্ববোধ দীর্ঘজীবী হোক।’
‘গতকাল পাকিস্তানে আমার স্বল্পমেয়াদি ভ্রমণ এবং আলোচনার ফলাফল অনুযায়ী, সমগ্র ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থ বিবেচনা করে আমি পাকিস্তানকে অনুরোধ করছি ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে অংশ নিতে।’
দেশপক্ষ/ এমএইচ








