
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। তাদের পাশাপাশি সংশ্লিষ্ট উপদেষ্টাদের স্ত্রী বা স্বামীর সম্পদের তথ্যও জনসমক্ষে আনা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত হালনাগাদ সম্পদের হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, সরকারের সব উপদেষ্টা দ্রুত তাদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করবেন।
একই সঙ্গে তিনি ভবিষ্যতে এই প্রক্রিয়াকে আরও বিস্তৃত করে সব সরকারি কর্মকর্তার জন্য সম্পদ বিবরণী প্রকাশকে নিয়মিত ও বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান।
সরকারের এই উদ্যোগকে প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।