ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

নওগাঁয় ভোটকেন্দ্রের পাশ থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

নওগাঁর বদলগাছীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ৪টি পেট্রোল বোমা ও ৬টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

single-ad-main-1

নওগাঁর বদলগাছী উপজেলায় ভোটকেন্দ্রের পাশ থেকে ৪টি পেট্রোল বোমা ও ৬টি তাজা ককটেল এবং ককটেল তৈরির কেমিকেল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে বদলগাছী উপজেলার ঝাড়ঘগড়িয়া গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের পর বোমা ও ককটেল নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

ঘটনাস্থলের পাশেই রয়েছে ঝাড়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। জনবসতিপূর্ণ ভোটকেন্দ্র এলাকায় এমন বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘বদলগাছী উপজেলার আক্কেলপুর সড়কের পাশ থেকে সন্দেহজনক একটি সাদা বস্তা দোকানের পাশে পড়ে থাকতে দেখে টহলরত র‍্যাব সদস্যরা। পরে সেনাবাহিনী, পুলিশ, ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে কাঁচের বোতলে তৈরি ৪টি পেট্রোল বোমা, ৬টি ককটেল ও ককটেল তৈরির ৪০০গ্রাম কেমিকেল উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিরাপদ স্থানে সরিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করে।’

single-ad-main-2

ওসি লুৎফর রহমান আরও বলেন, ‘বোমা ও ককটেলগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব বোমা সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।’

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন