
শরীয়তপুরের নড়িয়া বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বৈশাখী পাড়া জামায়াতে ইসলামী নেতা মাস্টার আব্দুল জলিলের বাড়ি থেকে জামাত কর্মী মাস্টার গোলাম মোস্তফার কাছ থেকে ৭০ লাখ ২০ হাজার টাকা সহ আটক করেছে নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আটককৃত জামায়াতে কর্মী মাস্টার গোলাম মোস্তফাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মাস্টার গোলাম মোস্তফা শরীয়তপুর-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল এর সমর্থিত কর্মী বলে জানা গেছে।
নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি বলেন, আজ সকাল থেকেই মহিলা কর্মীরা এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে টাকা বিতরণ করছে। এই সমস্ত ঘৃণিত কাজ যারা করেছে আমরা বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, খবর পেয়ে আমি টাকার ব্যাগ সহ একজনকে আটক করেছি। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে দুই বছরের জেল ও তিন হাজার টাকা জরিমানা করে।
দেশপক্ষ/ এমএইচ








