ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

ভোলার এক কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোট সাময়িক বন্ধ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার আরিনগর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রটিতে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

single-ad-main-1

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ৫১ নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরিস্থিতির ভয়াবহতায় দীর্ঘ আড়াই ঘণ্টা ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন। এ সময় উত্তেজিত জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, সকাল থেকেই অন্যান্য কেন্দ্রের ন্যায় এই কেন্দ্রটিতেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। বেলা সাড়ে ১১টা বাজতেই কেন্দ্রের পরিবেশ একটু একটু করে ঘোলাটে হতে থাকে। বেলা ১২টা বাজতেই বিদ্যালয়ের মাঠে হঠাৎ করে বিস্ফোরিত হয় একটি ককটেল। মুহূর্তের মধ্যে ককটেলের বিকট আওয়াজে ওই কেন্দ্রে থাকা ভোটাররা চারিদিকে দিগ্বিদিক ভাবে ছুটে বেড়ায়। মুহূর্তের মধ্যে পরিবেশ হয়ে যায় একেবারেই ঘোলাটে। হাতে লাঠি সোটা নিয়ে কিছু দুর্বৃত্তরা কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ও ব্যালেট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এরই মধ্যে স্থানীয়রা ছুটে এসে দুর্বৃত্তদের কয়েকজনকে ধরে গণপিটুনি দেয়। এ সময় তাদের কাছ থেকে ব্যালট বাক্সটি রক্ষা করতে পারলেও নষ্ট হয়ে যায় বহু ব্যালট পেপার।

single-ad-main-2

এদিকে খবর পেয়ে ছুটে আসেন নৌবাহিনী, কোস্টগার্ড পুলিশসহ সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় তারা সাময়িকভাবে কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন। টানা ২ ঘণ্টা ভোট স্থগিত থাকার খবরে ঘটনাস্থলে ছুটে আসেন ভোলা-১ আসনের বিএনপি সমর্থিত গরুর গাড়ি মার্কার প্রার্থী আন্দালিব রহমান পার্থ। এ সময় তিনি কেন্দ্রটিতে পুনরায় ভোট চালু করার জন্য ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামানকেকে অনুরোধ জানান।

ঘটনার সত্যতা স্বীকার করে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ওমর ফারুক বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ করে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে। আমরা কিছু বুঝার আগেই কিছু লোকজন লাঠি সোটা নিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে ব্যালট পেপার নিয়ে যায়। এতে ১৩৬টা ব্যালট পেপার নষ্ট হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, সাময়িকভাবে পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে ভোট বন্ধ করা হলেও আড়াই ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু করে দেওয়া হয়েছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ