
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বাণীতে তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং একুশের চেতনাকে ধারণ করে জাতিগত আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, অমর একুশে বাঙালির এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় কীর্তি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা বহু বীর সন্তান আত্মোৎসর্গ করেছিলেন। তাঁদের এই আত্মদান বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে আছে।
তিনি উল্লেখ করেন, এই জনপদের মানুষের হাজার বছরের আত্মপরিচয়ের সংগ্রামের ধারাবাহিকতায় ভাষা আন্দোলন একটি কালজয়ী অধ্যায়। ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই জাতিসত্তার প্রশ্নে যে সংকট তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে ওঠে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। রাষ্ট্রভাষা আন্দোলন সংগঠিত করতে গিয়ে ১৯৪৮ সালের ১১ মার্চ শেখ মুজিবুর রহমানসহ অনেক নেতাকর্মী গ্রেপ্তার হন। সেই ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত প্রকাশ ঘটে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি।
তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের আঁতুরঘর। পরবর্তীকালে স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রেরণার উৎসও ছিল একুশের আত্মপরিচয়ের চেতনা। একুশে ফেব্রুয়ারি কেবল ভাষা শহীদ দিবস হিসেবে সীমাবদ্ধ থাকেনি; এটি বিশ্বব্যাপী “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি ভাষা আন্দোলনের চেতনাকে বৈশ্বিক পরিসরে প্রতিষ্ঠিত করেছে।
হাসিনা বলেন, নিজের ভাষা ও জাতিপরিচয়কে মর্যাদা দেওয়ার পাশাপাশি পৃথিবীর সকল মাতৃভাষা ও জাতিসত্তার প্রতি সম্মান প্রদর্শন করাই একুশের মূল দর্শন। ভাষাগত বৈচিত্র্য রক্ষা ও সাংস্কৃতিক বহুত্ববাদকে সমুন্নত রাখা মানবসভ্যতার অগ্রযাত্রার জন্য অপরিহার্য।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ সংবিধান থেকে বাঙালি জাতিপরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং বাঙালির আত্মপরিচয়ের জায়গায় নতুন পরিচিতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম এখনো শেষ হয়নি; একুশের চেতনা ধারণ করেই সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শেখ হাসিনা একুশের চেতনায় উজ্জীবিত হয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আসুন আমরা মহান ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শক্তি সঞ্চয় করি এবং বাংলার মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ হই। বাংলার মানুষ মুক্তি পাক, বাংলার মানুষের জয় হোক।
দেশপক্ষ/ এমএইচ







