
নেত্রকোনার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। শুক্রবার রাত ১২টার পর উপজেলার তিনটি পৃথক স্থানে তারা শ্রদ্ধা জানায়। পরে তারা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।
পুষ্পস্তবক অর্পণ করা স্থান গুলো হচ্ছে- উপজেলা সদরের জগৎমণি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার, বিশকাকুনি ইউনিয়ন ও নারান্দিয়া ইউনিয়নের ।
পূর্বধলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম ও আরশাদ শেখ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একুশের প্রথম প্রহরে জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন দলটির বেশ কিছু নেতা-কর্মী। সেখানে ‘ভয় করি না মরণে’ ‘নেতা মোদের শেখ মুজিব’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
পূর্বধলা আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান ওরফে ঝন্টু বলেন, আওয়ামী লীগ নেতা আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খানের নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, পূর্বধলার কোথাও নিষিদ্ধ সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দেওয়া কোনো তথ্য আমার কাছে নেই।
-নি/ এমএইচ