ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন

নির্বাচনে ব্যাপক কারচুপি করে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা ও ভোট পেয়ে ক্ষমতায় আসেনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপি করে এসেছে। বিভিন্ন ‘কায়দা’ ও ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপির পক্ষে ভোট নেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরে মানুষ অনেক পালাবদল ও আদর্শ দেখেছে, কিন্তু ইসলামি আদর্শের সরকার গঠন হতে দেখেনি। এবার মানুষের বড় আকাঙ্ক্ষা ছিল পরিবর্তন, বিশেষ করে যুবসমাজ তা চেয়েছিল। আমাদের সংস্কার ও পরিবর্তনের ডাকের পক্ষে ৬৯ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এটাই প্রমাণ করে মানুষ পরিবর্তন চেয়েছে।

তিনি বলেন, যারা এখন ক্ষমতায় আছেন, তারা ‘না’ ভোটের পক্ষে ছিলেন। ফলাফল স্পষ্ট–তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পাননি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে নয়ছয় করা হয়েছে। দেশের বহু জায়গায় আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। তারা রক্তের বিনিময়ে ভোট চায়নি বলে কেন্দ্র ছেড়ে চলে গিয়েছিল। তবে আমরা এই কায়দাগুলো এবার চিনে নিয়েছি। ভবিষ্যতে সব ঘাটে শক্ত পাহারা দেয়া হবে।’

তিনি বলেন, জনগণের ভোটের যেটুকু মর্যাদার স্বীকৃতি হয়েছে, আমরা তার অমর্যাদা করতে পারি না। আমরা সংসদে গিয়ে নিজেদের নয়, জনগণের পক্ষে কথা বলব এবং তাদের অধিকার আদায়ের চেষ্টা করব।

তিনি ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানে চাঁদাবাজি বন্ধ করতে হবে। যারা চাঁদার জ্বালায় অতিষ্ঠ, তারা এখন থেকে চাঁদা দেয়া বন্ধ করুন। কেউ বাধা দিলে আমাদের ডাকবেন, আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলব।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ডা. শফিকুর রহমান অঙ্গীকার করেন, সুযোগ পেলে তিনি মাসে একদিন সরাসরি জনগণের মুখোমুখি হবেন এবং তাদের সমালোচনা ও পরামর্শ শুনবেন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ