
দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ‘মব’ সৃষ্টি করে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই ঘটনা ঘটে।
দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান।
একপর্যায়ে তারা কর্মকর্তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। অফিসের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটান। এতে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অনেকটা বাধ্য হয়ে অভিযোগটি গ্রহণ করে।
নাম প্রকাশ না করা শর্তে দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, একদল লোক এসে কার্যালয়ের ভেতরে হট্টগোল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করেছে।
তিনি আরো জানান, যে কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। জোর করে জমা দেওয়া এই অভিযোগটি আমরা আইন অনুযায়ী যাচাই-বাছাই করব। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা পাওয়া না গেলে এটি সরাসরি বাতিল করা হবে।
দেশপক্ষ/ এমএইচ



