ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন কে এম নাজমুল হক

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম নাজমুল হক। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সোমবার (২ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কে এম নাজমুল হককে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।

নিয়োগাদেশে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে—ততদিন পর্যন্ত এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

কে এম নাজমুল হকের বাড়ি শরীয়তপুর জেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গ গ্রামে। তিনি আব্দুল হক খানের ছেলে। রাজনৈতিক অঙ্গনে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর আইসিটি উইংয়ের টিম লিডার এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী কৃষক দল-এর কেন্দ্রীয় কমিটির সঙ্গেও যুক্ত ছিলেন।

এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ