
রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মনসুরের পোষা বিড়ালকে হত্যার দায়ে আসামি আকবর হোসেন শিবলুকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাই তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরে তদন্ত শেষে পুলিশ আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। এর ভিত্তিতে গত বছরের ১৪ জুলাই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
দেশপক্ষ/ এমএইচ