ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন

কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর

জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি কারামুক্ত হন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনিস আলমগীরের জামিনের কাগজপত্র একদিন আগেই কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি স্বজনদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

এর আগে গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আনিস আলমগীরকে জামিন দেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পান তিনি। তার আইনজীবী তাসলিমা জাহান জানান, দুটি মামলায় জামিন পাওয়ায় আনিস আলমগীরের কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা ছিল না।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় গত ৫ মার্চ উচ্চ আদালত তাকে জামিন দেন।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ