
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট গোলাম মাওলা রনি।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি অনিবার্য এবং অপরিহার্য। এখন জামায়াত যত চেষ্টা করুক, বিএনপি যত চেষ্টা করুক—আওয়ামী লীগের যে জায়গা, তা পূরণ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত আওয়ামী লীগের জায়গা আওয়ামী লীগকেই পূরণ করতে হবে।’
তিনি বলেন, আওয়ামী লীগ যদি মনে করে বিএনপি তাদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসন করবে, তাহলে তা বাস্তবসম্মত নয়। দলটিকে নিজেদের শক্তি ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আবারও জনগণের মাঝে ফিরে আসতে হবে।
তিনি আরও বলেন, কোনো ধরনের চুক্তি বা সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করলে সেটি দলটির জন্য ক্ষতিকর হতে পারে। ‘আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো করেই কাজ করে রাজনীতিতে ফিরে আসতে হবে। অন্যথায় যদি তারা দিল্লি বা বিএনপির মাধ্যমে কোনো নেগোশিয়েশনের পথে আসে, তাহলে সেটি তাদের রাজনীতির কবর রচনা করবে,’ বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগের কিছু নেতার প্রত্যাশার প্রসঙ্গ টেনে গোলাম মাওলা রনি বলেন, ‘অনেকে মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কিছু করে দেবেন। কিন্তু বাস্তবে মোদি কিছুই করে দেবেন না।’
দেশপক্ষ/ এমএইচ