
রাজশাহীর চারঘাটে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সরকারি খাল খনন ও আবাসন প্রকল্পের পুকুর পাড় সংস্কার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন যন্ত্রটির মালিক ও ঠিকাদার মো. রিদওয়ান।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (রাজস্ব) প্রকল্পের আওতায় উপজেলার হলিদাগাছি আবাসন প্রকল্প এলাকায় সরকারি খাল খনন ও পুকুর পাড় সংস্কারের কাজ শুরু হয় গত ৭ মার্চ। কাজটি করছেন উপজেলার গৌড়শহরপুর গ্রামের ঠিকাদার মো. রিদওয়ান। তার অভিযোগ, চাঁদা না দেওয়ায় গত শুক্রবার দিবাগত রাতে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মী খনন কাজে বাধা দেয়। একপর্যায়ে তারা এক্সকাভেটরে অগ্নিসংযোগ করে সেটি পুড়িয়ে দেয়।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট ১৮ জনকে আসামি করে শনিবার চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঠিকাদার রিদওয়ানের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন- শলুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, হলিদাগাছি আবাসন প্রকল্পের সাধারণ সম্পাদক ও যুবদল নেতা স্বপন আলী, যুবদল কর্মী শামীম ইসলাম উজ্জ্বল, জয়, ফয়সাল ও সজিব হোসেন। তাদের সবার বাড়ি হলিদাগাছি গ্রামে। এদের মধ্যে শনিবার রাতে স্বপন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, শলুয়া ইউনিয়নের হলিদাগাছি সরকারি আবাসন প্রকল্পের অধীনে খাল খনন ও পুকুর সংস্কারের কাজ শুরু হওয়ার পর থেকেই ইসমাইল হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবদল নেতাকর্মী ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে আসছিল। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তারা ঘটনাস্থলে গিয়ে আবারও চাঁদা দাবি করে। এ সময় ঠিকাদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা এক্সকাভেটরের চালক রাজন (২২) কে মারধর করে। একপর্যায়ে তারা এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেয়। এতে যন্ত্রটি পুড়ে গিয়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্পটির কাজ করছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের অনুসারী ঠিকাদার মো. রিদওয়ান। তবে যুবদল নেতা ইসমাইল হোসেন ও স্বপন আলী কাজটি নিজেরা করার দাবি তুলে এতে বাধা দেন। তারা জেলা যুবদলের সাবেক সভাপতি ও রাজশাহী-৬ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা আনোয়ার হোসেন উজ্জলের অনুসারী বলে জানা গেছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি স্বপন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয় এবং মামলা রেকর্ড করে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশপক্ষ/ এমএইচ