
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলার বেশিরভাগই আকাশেই প্রতিহত করা হয়েছে।
রোববার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী রিয়াদের আকাশে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয় বলে দাবি করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে সৌদি আরব একাধিকবার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, সামরিক ঘাঁটি এবং জনবসতিপূর্ণ এলাকাগুলোকে এসব হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ পর্যন্ত ইরানের হামলায় সৌদি আরবে অন্তত দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র এবং অজ্ঞাত সংখ্যক ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
অন্যদিকে ইরানের হামলার জেরে ইসরায়েলেও হতাহতের খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত সংঘাতের ঘটনায় মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
তবে আহতদের সুনির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, অনেকে সরাসরি ক্ষেপণাস্ত্র বা রকেট হামলায় এবং কেউ কেউ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন।
দেশক্ষ/ এমএইচ