
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪০) নামে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে মোল্লাহাট পান বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ মোল্লাহাট সদরের উদয়পুর গ্রামের দাউদ আলী শেখের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও টিন/হার্ডওয়ার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সোহাগ শেখ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথে মোল্লাহাট পান বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে প্রস্তুত থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এক সপ্তাহের ব্যবধানে একই প্রতিষ্ঠানের কর্মচারী ও মালিকের ওপর সশস্ত্র হামলার ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।
মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান, কয়েকদিন আগে সোহাগ শেখের দোকানের এক কর্মচারিকে গুলি করা হয়েছিল। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন। কর্মচারীকে হত্যাচেষ্টা এবং মালিককে হত্যাকাণ্ডের পেছনে ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
দেশপক্ষ/ এমএইচ