
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–এর জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে আলোচনা, মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হাসান অপুর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার রাতে শরীয়তপুর সদর উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে জাতির পিতার ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং কেক কেটে দিবসটির তাৎপর্য স্মরণ করেন। এ সময় বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
কেক কাটার সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ যুবলীগ নেতা শাহজালাল শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের মহানায়ক। তাঁর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তাই তাঁর জন্মদিন কেবল একটি স্মরণ দিবস নয়, বরং বাঙালি জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর আদর্শ অনুসরণ করাই হবে সকলের প্রধান অঙ্গীকার।
দেশপক্ষ/ এমএইচ