ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শেখ হাসিনার শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনটি মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে আত্মসংযম, ধৈর্য, ত্যাগ ও মানবিকতার যে শিক্ষা মুসলমানরা অর্জন করেন, তা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিফলিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করাই ঈদের অন্যতম শিক্ষা।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। এই চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র ঈদের এই আনন্দময় দিনটি দেশবাসীর জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি বাংলাদেশের অব্যাহত উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ কামনা করেন।

তিনি বলেন, আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।

হাসিনা বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতরের এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি ও অব্যাহত শান্তি কামনা করছি।”

সবশেষে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন— “ঈদ মোবারক।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন