ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন

এবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক উত্তেজনার মধ্যে আবারও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বৃহস্পতিবার তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা এবং সরবরাহ বিঘ্নের শঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। যদিও ইরান জানিয়েছে, তারা এখনো আলোচনায় বসার কোনো পরিকল্পনা করছে না—যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

এদিন আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।

এর আগে আগের কার্যদিবসে উভয় সূচকেই ২ শতাংশের বেশি দরপতন হয়েছিল। তবে নতুন করে দামের এই উত্থান বাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা বিশ্ববাজারে বাড়তি চাপ তৈরি করেছে। বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ এই অঞ্চলগুলোর ওপর নির্ভরশীল হওয়ায় পরিস্থিতির সামান্য পরিবর্তনও বাজারে বড় প্রভাব ফেলছে।

বাজার বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কিছুটা তৈরি হলেও যুদ্ধবিরতি নিয়ে এখনো নিশ্চিত কোনো অগ্রগতি নেই। ফলে তেলের বাজারে দোলাচল অব্যাহত থাকতে পারে।

তাঁদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহে আরও বিঘ্ন ঘটতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করবে এবং মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি বাড়াবে।

সূত্র: সামা টিভি।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ