
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা–কর্মীরা। বুধবার সকালে নগরীর কালিবাড়ি রোড এলাকায় সেরনিয়াবাত ভবনের সামনে থেকে এই মিছিল বের করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত মিছিলে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি কালিবাড়ি রোডসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে সমুন্নত রাখতে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের কল্যাণে কাজ করে যাবে।
মিছিলে বরিশাল জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দেশপক্ষ/ এমএইচ