
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সদর উপজেলায় র্যাব-১২ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ জালনোট ও মাদকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট ও ১৯৬ বোতল মাদক উদ্ধার করা হয়।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় র্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, গত ২৯ মার্চ বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার টাকার জালনোটসহ মো. রবিউল ইসলাম (২০) ও মো. আবুল হাসান (২৯) কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধোপাকান্দি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ জালনোট চক্রের সক্রিয় সদস্য।
অপরদিকে, ৩০ মার্চ সকালে সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৯৬ বোতল ইস্কাফ ও ৪টি মোবাইল ফোনসহ মোস্তাফিজুর রহমান (৩০), মো. মনিরুজ্জামান (৩৯) ও মোছা. রোজিনা বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-১২ জানায়, জালনোট ও মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেশপক্ষ/ এমএইচ