
ঢালিউড ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাবেন। জানা যায়, দীর্ঘদিন ধরে এই অভিনেতা চোখের সমস্যায় ভুগছিলেন।
রোববার (৫ এপ্রিল) সিঙ্গাপুরের পথে রওনা হবেন উল্লেখ করে এই বর্ষীয়ান অভিনেতা পোস্টে লিখেছেন, ‘ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।’
তার এই পোস্টের পর থেকেই দেশের চলচ্চিত্রাঙ্গনসহ ভক্তদের মাঝে উদ্বেগ ও সহমর্মিতা দেখা গেছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন।
সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে পর্দা কাঁপানো এই অভিনেতার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেন প্রয়াত খ্যাতনামা পরিচালক চাষী নজরুল ইসলাম।
১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। এ সিনেমায় ‘সোহেল রানা’ নাম ধারণ করে তিনি অভিনয়ও করেন, যা পরবর্তীতে তার স্থায়ী পরিচয়ে রূপে নেয়।
দীর্ঘ ক্যারিয়ারে প্রযোজনা, পরিচালনা ও অভিনয়—এই তিন ক্ষেত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন সোহেল রানা। হয়ে উঠেছেন দেশের চলচ্চিত্রের এক জীবন্ত কিংবদন্তি।
দেশপক্ষ/ এমএইচ








