
লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ-সহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদ-এর সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ-সহ কয়েকজনকে আটক করা হয়েছে।
একই সময়ে ১৪৪ ধারা অমান্য করে ‘জুলাই ফাইটার্স’ ব্যানারে মিছিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
পুলিশ জানায়, শনিবার রাতে শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জেরে রোববার বিকেলে উভয় পক্ষ পৃথক কর্মসূচির ডাক দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল সাড়ে ৪টা থেকে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় ওসিসহ কয়েকজন আহত হন।
দেশপক্ষ/ এমএইচ