
ফরিদপুরের ভাঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গিভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
দেশপক্ষ/ এমএইচ