
আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দেশে হাম, যক্ষা সহ সব ধরনের টিকা পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে কোনো ঘাটতি নেই।
শুক্রবার ( ১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে ম্যাসিভভাবে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশে কোনো টিকার সংকট নেই, তাই গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান দেওয়া যাবে না।”
তিনি আরও জানান, যক্ষা রোগের টিকাসহ অন্যান্য প্রয়োজনীয় টিকাও পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। যক্ষার দুটি ভ্যারিয়েন্টের টিকা দেশে আছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি এন্টিরেবিস ভ্যাকসিনও পর্যাপ্ত রয়েছে বলে জানান মন্ত্রী।
টিকা ইস্যুতে অপপ্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি বলেন, আগামী ছয় মাসের জন্য টিকা প্রদানের সিরিঞ্জ মজুত রয়েছে এবং হাম ও যক্ষার টিকাসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এছাড়া ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দুই সিটি করপোরেশনের কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি এবং সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
দেশপক্ষ/ এমএইচ