
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলেজ ক্যাম্পাসের একটি ভবনে থাকা ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখার ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ছাত্রদল ও ছাত্রশিবির উভয় পক্ষের মিলিয়ে অন্তত ৯ জন আহত হন।
কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিক রনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টের জেরে শিবিরের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তাদের চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
অন্যদিকে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের পাঁচজন কর্মীকে আহত করেছেন।
কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, পরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের মধ্যেও কলেজে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দেশপক্ষ/ এমএইচ