
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে প্রবেশপথ, টার্মিনাল এলাকা ও সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা পাওয়ার পরপরই বেবিচক উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন এবং আগত-প্রস্থানকারী যাত্রীদের তল্লাশি কার্যক্রম আরও কঠোর করা হয়েছে। কোনো অস্বাভাবিকতা চোখে পড়লেই দ্রুত রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।
এর আগে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনার তথ্যের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর।
চিঠিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ চক্রটি জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
দেশপক্ষ/ এমএইচ