
স্প্যানিশ পঞ্চম বিভাগের ক্লাব ইউই কর্নেল্লার মালিকানা নেওয়ার পর এবার প্রথমবারের মতো খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
গত মাসে ক্লাবটির মালিকানা কেনার পর দুই সপ্তাহের মাথায় দেওয়া এই বার্তায় মেসি ক্লাবের ভবিষ্যৎ উন্নয়ন, খেলোয়াড়দের পাশে থাকা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ভিডিও বার্তায় মেসি বলেন, “আমি হ্যালো বলতে চাই, আপনাদের জানাতে চাই উন্নতি ও সহায়তার জন্য যা প্রয়োজন, আমরা সেটার পাশে আছি। এই নতুন প্রজেক্ট নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত।”
তিনি আরও জানান, তিনি নিয়মিতভাবে ক্লাবের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছেন। মেসির ভাষায়, “আমি প্রতি সপ্তাহে আপনাদের অনুসরণ করছি এবং সমর্থন দিয়ে যাচ্ছি।”
চলতি মৌসুমে তেরসেরা আরএফইএফ লিগে রেগুলার সিজনের আর মাত্র দুটি ম্যাচ বাকি থাকতেই প্লে-অফ নিশ্চিত করেছে কর্নেল্লা। সেগুন্দা আরএফইএফ-এ উন্নীত হওয়ার দৌড়ে থাকা ক্লাবটির প্রতি মেসির এই বার্তা নতুন উদ্দীপনা যোগ করেছে।
বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবা, জেরার্দো মার্টিন ও ডেভিড রায়ার মতো ফুটবলারদের উঠে আসার ইতিহাস থাকা কর্নেল্লাকে আরও পেশাদার ও শক্তিশালী কাঠামোতে গড়ে তোলাই এখন মেসির প্রধান লক্ষ্য।
গত ১৬ এপ্রিল ইন্টার মায়ামির এই তারকা ক্লাবটির মালিকানা গ্রহণের ঘোষণা দেন। স্থানীয় প্রতিভা বিকাশ ও শিকড়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। মেসির এই প্রকল্পে মূল লক্ষ্য হলো স্থায়িত্ব, উচ্চাশা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের সমন্বয়ে ক্লাবটিকে নতুন উচ্চতায় নেওয়া।
দেশপক্ষ/ এমএইচ