
রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এ ড্রোন হামলার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, একটি ড্রোন কেন্দ্রটির বহিঃস্থ তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ পরীক্ষাগারকে লক্ষ্যবস্তু করেছে।
রোববার কেন্দ্র কর্তৃপক্ষ আইএইএকে এ তথ্য জানায়। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরীক্ষাগারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে অবস্থিত হওয়ায় সেখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, সংস্থাটির একটি পরিদর্শক দল ঘটনাস্থলে রয়েছে এবং তারা পরীক্ষাগারটিতে প্রবেশের অনুমতি চেয়েছে।
তিনি বলেন, পারমাণবিক স্থাপনার আশপাশে যেকোনো ধরনের হামলা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগ বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
দেশপক্ষ/ এমএইচ