
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।
সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই বিভিন্ন গণমাধ্যম ও নির্বাচন কমিশনের ট্রেন্ডে বিজেপির এগিয়ে থাকার তথ্য সামনে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের ১৮৬টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে ক্ষমতাসীন (তৃণমূল কংগ্রেস) এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ১০৫টি আসনে।
এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের অন্য কয়েকটি রাজ্যের নির্বাচনী ফলেও জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। আসামে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে রয়েছে। রাজ্যটির ১২৬টি আসনের মধ্যে বিজেপি জোট এগিয়ে আছে ৯৪টিতে। কংগ্রেস এগিয়ে রয়েছে ২৪টি আসনে এবং বাকি একটি আসনে এগিয়ে আছে সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট (এআইইউডিএফ)।
অন্যদিকে তামিলনাড়ু-তে এগিয়ে রয়েছে ডিএমকে-কংগ্রেস জোট এবং কেরালা-য় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআই
দেশপক্ষ/ এমএইচ