
উত্তর আমেরিকায় ফিফা বিশ্বকাপ শুরু হতে আর পাঁচ সপ্তাহেরও কম সময় বাকি থাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। অংশগ্রহণকারী ৪৮টি দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন সমর্থকরা।
জাতীয় দলের ভক্ত থেকে শুরু করে নিরপেক্ষ ফুটবল অনুরাগী-সবাই জানতে আগ্রহী, কারা জায়গা পাচ্ছেন চূড়ান্ত দলে। তারকা খেলোয়াড়দের পাশাপাশি নতুন মুখ বা অপ্রত্যাশিত সংযোজন নিয়েও চলছে জোর আলোচনা।
এবারের আসর হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে ৪৮টি দল অংশ নেবে। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকোর বিখ্যাত স্টেডিয়াম এস্তাদিও আজতেকা-এ, যেখানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দল।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে এখন দল ঘোষণার সময়সূচি ও চূড়ান্ত স্কোয়াড নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল কাজ করছে সমর্থকদের মধ্যে।
প্রাথমিক স্কোয়াড তালিকা
জাতীয় দলগুলোকে অবশ্যই ১১ই মে-র মধ্যে একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে, যেখানে চারজন গোলরক্ষকসহ সর্বনিম্ন ৩৫ জন এবং সর্বোচ্চ ৫৫ জন খেলোয়াড় থাকবেন।
কোচ, টিম ডাক্তার এবং টিম ম্যানেজারসহ সর্বোচ্চ ৭৫ জন দলীয় কর্মকর্তাকেও এই অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।
এই পূর্ণাঙ্গ তালিকাটি টুর্নামেন্টের জন্য যোগ্য খেলোয়াড়দের আনুষ্ঠানিক তালিকা হিসেবে কাজ করবে এবং ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের আগে চোটের কারণে কোনো খেলোয়াড় বদল করতে হলে, তাকে অবশ্যই এই তালিকা থেকেই নিতে হবে।
ব্রাজিলের রদ্রিগো এবং এডের মিলিতাও-এর মতো বেশ কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যেই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। মিশরীয় ফরোয়ার্ড মো সালাহ এবং স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামালের মতো অন্যরা সাম্প্রতিক হ্যামস্ট্রিং চোটের জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তবে আশা করা হচ্ছে তারা বিশ্বকাপের জন্য ফিট হয়ে উঠবেন।
এই অস্থায়ী তালিকাটি শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারের জন্য এবং ফিফা এটি প্রকাশ করবে না।
২৫শে মে: ক্লাবগুলোকে খেলোয়াড়দের ছাড়পত্র দিতে হবে
ক্লাবগুলোকে ২৫শে মে-র মধ্যে তাদের খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত করতে হবে, যার পর ২৪শে মে অনুষ্ঠিতব্য ক্লাবের শেষ আনুষ্ঠানিক ম্যাচের পর বিশ্বকাপের জন্য “বিশ্রাম, বাধ্যতামূলক অব্যাহতি এবং প্রস্তুতি পর্ব” শুরু হবে।
ফিফার অনুমোদন সাপেক্ষে, যেসব ক্লাবের খেলোয়াড়রা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (৩০শে মে), উয়েফা কনফারেন্স লিগ (২৮শে মে) এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের (৩০শে মে) ফাইনালে খেলবে, তাদের জন্য এই নিয়মের ব্যতিক্রম প্রযোজ্য হবে।
জাতীয় দলগুলোকে ২৫শে মে থেকে ১লা জুনের মধ্যে তাদের ২৩-২৬ জন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে, যার মধ্যে তিনজন অবশ্যই গোলরক্ষক হতে হবে।
ফিফা জানিয়েছে যে, কোনো খেলোয়াড় বা গোলরক্ষককে শুধুমাত্র “দলের প্রথম ম্যাচের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে কোনো গুরুতর আঘাত বা অসুস্থতার ক্ষেত্রে” প্রাথমিক স্কোয়াডের কোনো খেলোয়াড় দ্বারা প্রতিস্থাপন করা যাবে।
আঘাত ও ক্লান্তির কারণে দলের নমনীয়তা বাড়াতে, ২৩ জন খেলোয়াড় থেকে বর্ধিত এই খেলোয়াড় তালিকাটি ২০২২ কাতার বিশ্বকাপ থেকে চালু রয়েছে।
২ জুন: ফিফা কর্তৃক দল ঘোষণা
ফিফা জানিয়েছে, তারা ২ জুন অংশগ্রহণকারী ৪৮টি দলের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে।
ফিফা বলেছে, “জাতীয় দলগুলো যেকোনো সময় তাদের দল ঘোষণা করতে পারে; তবে, ২ জুন ফিফা কর্তৃক নিশ্চিত না হওয়া পর্যন্ত তা আনুষ্ঠানিক বলে গণ্য হবে না।”
-নি/ এমএইচ