
নীলফামারীর জেলার সৈয়দপুর থানায় একটি সালিশ বৈঠক করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানারা পারভীন।
আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে থানা চত্বর থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে ওই রাতে থানায় সালিশ বৈঠক করতে যান সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানারা পারভীন। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেনসহ কয়েকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এ সময় পুলিশ তাকে নীলফামারীর একটি মামলায় আটক করেন। আটকের সময় তিনি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ বুধবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ‘সদর উপজেলার রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
দেশপক্ষ/ আরএ