
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ সায়মা বেগম মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় একই পরিবারের মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গৃহবধূ সায়মা শরীরে ৬০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে একই পরিবারের মোট পাঁচজনেরই মৃত্যু হলো।
গত রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ৮ তলা ভবনের নিচতলায় ওই দুর্ঘটনা ঘটে। এতে সবজি বিক্রেতা মো. কালাম, তার স্ত্রী সায়মা বেগম এবং তাদের তিন শিশু সন্তান–মুন্না, মুন্নি ও কথা গুরুতর দগ্ধ হয়েছিলেন। আগে চারজন এবং আজ একজন মারা গেলেন। পরিবারটির আর কেউ বেঁচে রইল না।
দেশপক্ষ/ এমএইচ