
নেত্রকোণার কেন্দুয়ায় ধান শুকানো নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিন মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত রহিম উদ্দিন বলাইশিমুল গ্রামের বাসিন্দা ছিলেন। বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বাড়ির সামনে ধান শুকানো নিয়ে প্রতিপক্ষের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন রহিম উদ্দিন। এ সময় উভয় পক্ষের ১২ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বরে জানিয়েছে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, গ্রামের রহিম উদ্দিন ও জসিম উদ্দিনের সাথে আগে থেকে বিরোধ ছিল। ঘটনার দিন ধান শুকানো নিয়ে বিরোধ বাধে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় রহিম উদ্দিন গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দেশপক্ষ/ এমএইচ