
কুমিল্লা বিভাগ করার দাবি পূরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি আয়োজিত লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সভায় উপস্থিত জনতা দাবি করে, ‘কুমিল্লা বিভাগ চাই’। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে। জনগণের দাবি হলে তা পূরণ করা হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের জনগণকে বিএনপি যে কথা দেয় তা সর্বশক্তি দিয়ে বাস্তবায়নের চেষ্টা করে। দেশ শুধু স্বাধীন আর স্বৈরাচারমুক্ত করলে হবে না, দেশ পুনর্গঠন করতে হবে। সরকার একা দেশ পুনর্গঠন করতে পারবে না, জনগণের সহায়তা লাগবে।’
কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
দেশপক্ষ/ এমএইচ