
‘রাগ করলা’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই সংলাপ এবার জায়গা করে নিয়েছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পোস্টেও। আর সেটিও করা হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ঘিরে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজে নেইমারের একটি উজ্জীবিত ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল “ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন”। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে ছবির ভেতরে থাকা বাংলা সংলাপ “কি প্রতিপক্ষ রাগ করলা!”
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে বাংলাদেশি ফুটবলভক্তদের মধ্যে পোস্টটি নিয়ে উচ্ছ্বাস দেখা যায়।
মূলত এবারের বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল। ইনজুরি ও ফিটনেস নিয়ে নানা আলোচনা চলছিল। এমনকি ব্রাজিলের প্রতিপক্ষ সমর্থকরাও তার অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে সরব ছিলেন।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার। আর সেই প্রত্যাবর্তনকেই ভিন্নধর্মী বাংলা ট্রেন্ডের মাধ্যমে উদযাপন করলো ফিফা।
দেশপক্ষ/ এমএইচ