
শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ধর্ষকের শাস্তি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রকাশ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে নয়।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এবং রামিসা হত্যা মামলার আসামি ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছে। এখন দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আইনমন্ত্রী ইতোমধ্যে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও দ্রুত বিচারের আশ্বাস দেওয়া হয়েছে।
ধর্ষকের প্রকাশ্য শাস্তির দাবি প্রসঙ্গে রাশেদ খান বলেন, জনগণ চাইলে রাষ্ট্রে কঠোর আইন প্রণয়ন সম্ভব। এমনকি শরিয়া আইন অনুযায়ীও ধর্ষকের শাস্তির বিধান রয়েছে।
এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী – জাতীয় নাগরিক দল এর প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তারা যদি প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর চায়, তাহলে বিবৃতি বা সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট অবস্থান জানানো উচিত।
রাশেদ খানের ভাষ্য, যারা শরিয়া আইনের রাজনীতি করে কিন্তু বাস্তবে সেই আইনের প্রয়োগের পক্ষে অবস্থান নেয় না, তারা নিজেদের প্রকৃত ইসলামিক দল দাবি করতে পারে না।
দেশপক্ষ/ এমএইচ