
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের হামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. সালেক খান আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত ৪ জুলাই সকালে শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারসংলগ্ন এলাকায় সালেক খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল চলাকালে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মিছিল শেষ করে অংশগ্রহণকারীরা চলে যাওয়ার সময় সালেক খান মোটরসাইকেলে করে স্থান ত্যাগের চেষ্টা করলে তাকে থামানোর চেষ্টা করে পুলিশ।
এ সময় উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হলে পুলিশের টানাটানিতে সালেক খান মোটরসাইকেল থেকে পড়ে যান। এতে তার একটি পা ভেঙে যায়।
পরে গোপনে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বর্তমানে আত্মগোপনে আছেন সালেক।
আহত সালেক খান বলেন, “আমার জীবন আছে, যতদিন বেঁচে থাকব জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য কাজ করে যাব। যত নির্যাতনই আসুক, আমি পিছপা হব না। আমরা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আন্দোলন চালিয়ে যাব। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। তার হাতেই দেশের মানুষ নিরাপদ।”
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার বলেন, “এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে একজন নেতার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। মামলা হামলা করে আমাদের দমানো যাবে না।”
দেশপক্ষ/ এমএইচ