
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেট প্রধান রুহুল আমিন ও তার প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে সিআইডি। মানি লন্ডারিং মামলায় তদন্ত চলছে।
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন (স্বপন) ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রায় ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই সম্পত্তির ওপর জব্দাদেশ দেন। অভিযোগ রয়েছে, রুহুল আমিন মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর নামে সিন্ডিকেট গড়ে প্রায় ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। সেই অর্থে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকায় জমি ও বাড়ি কেনাসহ বিপুল সম্পদ গড়ে তোলেন।Real Estate
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রুহুলের প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল-এর নামে সাতটি দলিলে প্রায় ২৩১ কাঠা জমি রয়েছে। এসব জমির দলিলমূল্য ১৫ কোটি ৫৫ লাখ টাকা হলেও বাস্তব বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা ধরা হয়েছে। আদালতের আদেশে এসব সম্পত্তি ক্রোক করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, রুহুল আমিন ও তার সহযোগীরা কেবল জনশক্তি রপ্তানি নয়, বরং মানি লন্ডারিংয়ের সঙ্গেও জড়িত। ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।
দেশপক্ষ/ এমএইচ