
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার আরও ১৫ আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ১৫ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ডে নেওয়া আসামিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।
পুলিশ বলছে, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতাদের শনাক্ত এবং পলাতক আসামিদের বিষয়ে তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর গুলশান এলাকায় সরকারবিরোধী স্লোগান ও সমাবেশের একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে এবং ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল জব্দ করে।
এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
দেশপক্ষ/ এমএইচ