
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যেতে কোনো সমস্যা নেই বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের এমন মন্তব্যের জবাবে সমঝোতার প্রস্তাব সরাসরি নাকচ করেছে আওয়ামী লীগ।
বুধবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দলটির সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘কে বলেছে যে আওয়ামী লীগ সমঝোতা চায়?’ আওয়ামী লীগ কোনো ধরনের সমঝোতা চায় না বলেও স্পষ্ট করেন তিনি।
আলী আরাফাত বলেন, আওয়ামী লীগ শুধু জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে চায়, যাতে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্ধারণ করতে পারে। দেশ যেন অবৈধভাবে ক্ষমতা দখল করা কিংবা একতরফা ও সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা ‘কিছু ঠগের’ হাতে না থাকে এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ন্যায়বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন বিচারব্যবস্থা প্রয়োজন। জনগণের ভোটাধিকার ও স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত হলেই সবকিছু ঠিক হয়ে যাবে; কারও সঙ্গে আলাদা করে সমঝোতার প্রয়োজন নেই।
আলী আরাফাতের ভাষ্য, আওয়ামী লীগ চায় বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক এবং দেশ আবার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে ফিরে আসুক।
বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও ন্যায়বিচার দুটিই হরণ করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘একদল ঠগ রাষ্ট্রযন্ত্র দখল করে নিয়েছে।’
তথাকথিত সমঝোতার ধারণাকে ‘ষড়যন্ত্রকারীদের একটি অপকৌশল’ আখ্যা দিয়ে আলী আরাফাত বলেন, এটি জনগণের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী।
দেশপক্ষ/ এমএইচ