
ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দিনটি এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন যুবলীগ কর্মী নূর হোসেন। তাঁর বুক ও পিঠে সাদা রঙে লেখা ছিল—‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে তাঁর এই সাহসী প্রতিবাদ সেদিন গোটা জাতির বিবেককে নাড়া দিয়েছিল।
১৯৮৭ সালের ১০ নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৫-দলীয় ঐক্যজোটের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছিলেন নূর হোসেন। শেখ হাসিনার গাড়িবহরের কাছাকাছি অবস্থান করে মিছিলে এগিয়ে যাচ্ছিলেন তিনি। শেখ হাসিনার গাড়িবহর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছানোর পর সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে বোমা নিক্ষেপ এবং পরে মিছিল লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন ও যুবলীগ নেতা বাবুল। একই দিনের সহিংসতায় প্রাণ হারান ফাত্তাহসহ আরও কয়েকজন আন্দোলনকারী।
নূর হোসেনের রক্তে সেদিন ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল। তাঁর বুকের ওপর লেখা দুটি স্লোগান পরিণত হয়েছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের শক্তিশালী রাজনৈতিক বার্তায়। সেই আত্মত্যাগ কেবল একটি মৃত্যুর ঘটনা ছিল না, বরং তা এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি ও ব্যাপক জনসমর্থন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
১০ নভেম্বরের ঘটনার পর দেশজুড়ে এরশাদবিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক শক্তি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। যদিও ১৯৮৭ সালের আন্দোলনেই এরশাদ সরকারের পতন ঘটেনি, কিন্তু ধারাবাহিক আন্দোলন, রাজনৈতিক ঐক্য ও গণমানুষের প্রতিবাদ শেষ পর্যন্ত ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পথ তৈরি করে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর প্রবল গণআন্দোলনের মুখে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। অবসান ঘটে তাঁর দীর্ঘ স্বৈরশাসনের।
নূর হোসেনের আত্মত্যাগ তাই বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় প্রেরণা। বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সেই ঐতিহাসিক অধ্যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।
তবে আজকের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নূর হোসেন দিবসের তাৎপর্য নতুন করে মূল্যায়নের দাবি রাখে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যে অভূতপূর্ব পটপরিবর্তন ঘটেছে, তা গভীর রাজনৈতিক বিশ্লেষণের দাবি রাখে। ছাত্র আন্দোলনের নামে দেশি-বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রে সেদিন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর থেকেই দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা ও বহুত্ববাদী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নানা গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।
৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক ধারায় আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার বা কোণঠাসা করে রাখার যে প্রবণতা তৈরি হয়েছে—যা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক শক্তির ধারাবাহিকতায়ও বজায় রাখা হয়েছে—তা রাজনৈতিক অঙ্গনকে আরও বেশি সংঘাতময় করে তুলেছে। বর্তমান বাস্তবতায় মনে হচ্ছে, ২৪ সালের ৫ আগস্ট কেবল একটি সরকারকে ক্ষতাচ্যুত করার লক্ষ্য ছিল না, বরং এর নেপথ্যে ছিল সুদূরপ্রসারী এক চক্রান্ত—যার মূল লক্ষ্য ছিল দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি থেকে সম্পূর্ণ নিঃচিহ্ন করে দেওয়া।
আজকের বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লক্ষ লক্ষ নেতা-কর্মী ও সমর্থক মানবেতর জীবনযাপন করছেন। দলটির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছে, চলছে নির্বিচারে গ্রেপ্তার, হামলা ও বাড়িঘর ভাঙচুর। ন্যূনতম আইনি সুরক্ষা বা গণতান্ত্রিক অধিকার ছাড়াই একটি বিশাল রাজনৈতিক জনগোষ্ঠীর পথচলাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা ঐতিহাসিক। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং রাষ্ট্র পরিচালনায় দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রাজনৈতিক মতাদর্শ, দলীয় পরিচয় কিংবা অতীতের রাজনৈতিক হিসাবনিকাশ চুকানোর নামে একটি দলের বিপুলসংখ্যক মানুষকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা কখনোই সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের পরিচায়ক হতে পারে না।
ইতিহাস বলে, একটি রাজনৈতিক দলকে বলপূর্বক নিষিদ্ধ করে কিংবা জনগণের একটি বিশাল অংশকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে জোরপূর্বক দূরে সরিয়ে রেখে কখনো স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। নূর হোসেনের আত্মত্যাগের মূল শিক্ষা ছিল জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের সুরক্ষা। অথচ চব্বিশের পটপরিবর্তনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় সেই গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্নটি এক গভীর সংকটের মুখে পড়েছে। প্রতিশোধের রাজনীতি নয়, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনের শাসন।
বর্তমান বাস্তবতায় দেশকে বাঁচাতে হলে এবং সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক নিষেধাজ্ঞা, প্রতিশোধ ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আইনি প্রক্রিয়া, স্বচ্ছ ন্যায়বিচার এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করা সময়ের দাবি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ন্যূনতম সহনশীলতা প্রদর্শনের মধ্য দিয়েই কেবল জাতীয় স্থিতিশীলতা ফিরে আসতে পারে।
নূর হোসেনের রক্তে ভেজা রাজপথের আদর্শ তখনই সার্থক হবে, যখন দেশে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং প্রতিটি নাগরিক—সে যেই হোক না কেন—তার সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাবে। ১৯৮৭ সালে যে গণতন্ত্রের দাবিতে নূর হোসেন জীবন দিয়েছিলেন, আজকের বাংলাদেশেও সেই গণতন্ত্রের পূর্ণপ্রতিষ্ঠা এবং সবার জন্য বেঁচে থাকার অধিকারের প্রশ্নটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নূর হোসেনের আত্মত্যাগ কোনো নির্দিষ্ট সময়ের বা নির্দিষ্ট দলের রাজনৈতিক ঘটনা নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার চিরন্তন ইতিহাস।
(মানিক লাল ঘোষ: সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি)
দেশপক্ষ/ এমএইচ